কনসার্টের মঞ্চেই বাগদানের সুখবর দিলেন গায়িকা জেসমিন

‘ধুরন্ধর’ সিনেমার জনপ্রিয় গান ‘শরারত’ গেয়ে ব্যাপক আলোচনায় আসা ভারতীয় গায়িকা জেসমিন স্যান্ডলাস এবার ব্যক্তিজীবনের সুখবর দিলেন ভক্তদের। দিল্লিতে কনসার্ট চলাকালেই তিনি জানান, তার বাগদান সম্পন্ন হয়েছে।
শনিবার (১১ জুলাই) নয়াদিল্লির যশোভূমি কনভেনশন সেন্টারে ‘দ্য ড্রিম গার্ল ইন্ডিয়া ট্যুর’-এর উদ্বোধনী কনসার্টে পারফর্ম করছিলেন জেসমিন। গানের ফাঁকে হঠাৎ নিজের হাতের আংটি দেখিয়ে উপস্থিত দর্শকদের উদ্দেশে বাগদানের খবর জানান।
এরপর মঞ্চে ডাকেন তার বাগদত্তা শেখর চৌধুরীকে। তাকে পরিচয় করিয়ে দিয়ে জেসমিন বলেন, ‘এই মানুষটিই আমার আঙুলে আংটি পরিয়েছে। তিনিই আমার জীবনের বিশেষ মানুষ।’
ঘোষণার পর আবেগঘন মুহূর্তে শেখরকে জড়িয়ে ধরেন গায়িকা। পরে শেখরও তাকে কোলে তুলে নিলে দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।
দিল্লিতে শুরু হওয়া এই কনসার্ট ট্যুরের পর জেসমিন স্যান্ডলাস মুম্বাই, বেঙ্গালুরু ও চণ্ডীগড়ে পারফর্ম করবেন।
উল্লেখ্য, সালমান খান অভিনীত ‘কিক’ সিনেমার ‘ইয়ার না মিলে’ গান দিয়ে পরিচিতি পেলেও ‘ধুরন্ধর’ ছবির ‘শরারত’ ও ‘যাইয়ে সজনা’ গান দুটি তাকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে।