বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

শাড়ি প্রতারণা মামলা নিয়ে প্রথমবার মুখ খুললেন তানজিন তিশা

শাড়ি প্রতারণা মামলা নিয়ে প্রথমবার মুখ খুললেন তানজিন তিশা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দীর্ঘদিন আলোচনায় থাকা ২৭ হাজার টাকার শাড়ি-সংক্রান্ত প্রতারণা মামলায় এবার প্রথমবারের মতো প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তিনি অভিযোগ অস্বীকার করে বলেছেন, দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা ক্যারিয়ার একটি শাড়ির জন্য ঝুঁকিতে ফেলার প্রশ্নই আসে না। একই সঙ্গে দেশের বিচারব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা রেখে আদালতে উপস্থিত হয়ে আইনগতভাবে বিষয়টি মোকাবিলার কথাও জানান তিনি।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজধানীর বনানী ক্লাবে আয়োজিত ‘আইকনিক অ্যাওয়ার্ড’-এর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন তিশা।

তিনি বলেন, প্রায় ১৪ বছর ধরে অভিনয় ও মডেলিং অঙ্গনে কাজ করছেন। তার ভাষ্য, ‘সোলজার’ সিনেমার শুটিং শুরু করার পরদিনই তার নামে আইনি নোটিশ আসে এবং কিছুদিনের মধ্যেই মামলা করা হয়। তার দাবি, ক্যারিয়ারে এগিয়ে যাওয়ার সময় তাকে বিতর্কে জড়ানোর চেষ্টা করা হচ্ছে।

মামলার বিষয়ে তিশা বলেন, আদালতের প্রতি তার শ্রদ্ধা রয়েছে এবং তিনি নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত হবেন। আইনজীবীর মাধ্যমে আইনি প্রক্রিয়াতেই বিষয়টির নিষ্পত্তি করবেন বলেও জানান তিনি।

অভিনেত্রীর ভাষ্য, একজন প্রতিষ্ঠিত শিল্পী হিসেবে ২৭ হাজার টাকার একটি শাড়ির জন্য প্রতারণা করার অভিযোগ বাস্তবসম্মত নয়। দর্শকদের ভালোবাসায় তিনি আজকের অবস্থানে পৌঁছেছেন বলেও উল্লেখ করেন তিশা।

প্রসঙ্গত, একটি অনলাইনভিত্তিক ফ্যাশন পেজের প্রশাসক আমিনুল ইসলাম ২০২৫ সালের শেষ দিকে তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, প্রচারণার উদ্দেশ্যে নেওয়া ২৭ হাজার টাকা মূল্যের একটি শাড়ির মূল্য পরিশোধ কিংবা চুক্তি অনুযায়ী প্রচারণামূলক কার্যক্রম সম্পন্ন করা হয়নি।

ওই মামলায় আদালত তানজিন তিশাকে আগামী ১৩ আগস্ট হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

এদিকে সংবাদ সম্মেলনে তিশা জানান, বর্তমানে তিনি নাটকের তুলনায় সিনেমার কাজেই বেশি মনোযোগ দিচ্ছেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘সোলজার’ চলতি বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে। সাকিব ফাহাদ পরিচালিত ও সান মোশন পিকসার্স প্রযোজিত এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন শাকিব খান।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন