বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

জন্মদিনে ‘মন্দাকিনী’ রূপে চমকে দিলেন প্রিয়াঙ্কা চোপড়া

জন্মদিনে ‘মন্দাকিনী’ রূপে চমকে দিলেন প্রিয়াঙ্কা চোপড়া
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বিশ্বখ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার জন্মদিন উপলক্ষে ভক্তদের জন্য বিশেষ চমক নিয়ে এলেন পরিচালক এস এস রাজামৌলি। তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বারাণসী’ থেকে প্রকাশ করা হয়েছে প্রিয়াঙ্কার চরিত্র ‘মন্দাকিনী’–এর প্রথম অফিসিয়াল লুক, যা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

সিনেমাটির অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে প্রকাশিত পোস্টে লেখা হয়েছে, ‘আরও নতুন অভিযান, আরও নতুন আবিষ্কার এবং দিগন্তজোড়া এক যাত্রার জন্য…’—এর সঙ্গে প্রকাশ করা হয় প্রিয়াঙ্কার দুটি ভিন্নধর্মী স্থিরচিত্র।

প্রথম লুকে রহস্যময় ও শক্তিশালী এক নারীর চরিত্রে দেখা যায় প্রিয়াঙ্কাকে। কালো করসেট-ধাঁচের পোশাক, স্বচ্ছ হাতা, এলোমেলো খোঁপা, স্মোকি আই মেকআপ এবং সবুজ পান্নার দুলে তার উপস্থিতি আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। পোস্টারে তার তীক্ষ্ণ ও আত্মবিশ্বাসী দৃষ্টি চরিত্রটির রহস্যময় আবহকে আরও গভীর করেছে।

অন্যদিকে দ্বিতীয় ছবিতে সম্পূর্ণ বিপরীত রূপে হাজির হয়েছেন অভিনেত্রী। সাদা ক্রপ টপ, বেইজ রঙের ঢিলেঢালা শার্ট ও কালো কার্গো প্যান্ট পরে পাহাড়ি প্রাকৃতিক পরিবেশে উচ্ছ্বসিত ভঙ্গিতে লাফ দিতে দেখা যায় তাকে। পেছনের সবুজ তৃণভূমি, জেব্রা ও জিরাফ ছবিটিকে দিয়েছে অ্যাডভেঞ্চারধর্মী আবহ।

নির্মাতাদের ভাষ্য অনুযায়ী, ‘মন্দাকিনী’ একজন সাহসী বিশ্বভ্রমণকারী নারী—যিনি একই সঙ্গে দৃঢ়চেতা, সংবেদনশীল এবং স্মরণীয় ব্যক্তিত্বের অধিকারী।

নতুন এই লুক প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে ধারণা করছেন, প্রিয়াঙ্কা ছবিটিতে গুরুত্বপূর্ণ কিংবা ধূসর চরিত্রে অভিনয় করতে পারেন। আবার কেউ লিখেছেন, দীর্ঘ ক্যারিয়ারেও তিনি এখনও নিজেকে নতুনভাবে উপস্থাপন করে দর্শকদের মুগ্ধ করছেন।

‘আরআরআর’-এর বিশ্বব্যাপী সাফল্যের পর পরিচালক এস এস রাজামৌলি এবার ‘বারাণসী’ নিয়ে বড় পরিসরে ফিরছেন। পৌরাণিক কাহিনি, ভারতীয় লোকগাথা ও বিজ্ঞান কল্পকাহিনির উপাদান মিলিয়ে নির্মিত এই সিনেমায় প্রিয়াঙ্কা চোপড়ার পাশাপাশি অভিনয় করছেন মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারন। বড় বাজেটের এই বৈশ্বিক অ্যাডভেঞ্চারধর্মী সিনেমাটি আগামী বছরের এপ্রিল মাসে মুক্তির সম্ভাবনা রয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন