বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

বান্দ্রার বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি করলেন সালমান খান

বান্দ্রার বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি করলেন সালমান খান
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বলিউড সুপারস্টার সালমান খান আবারও মুম্বইয়ের বান্দ্রা এলাকায় নিজের একটি বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি করেছেন। প্রায় ১১ বছর আগে কেনা এই সম্পত্তি বিক্রি করে তিনি উল্লেখযোগ্য অঙ্কের মুনাফা অর্জন করেছেন।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বান্দ্রার অভিজাত একটি আবাসন প্রকল্পে থাকা ৭৫৮ বর্গফুটের ফ্ল্যাটটি প্রায় ৩ কোটি ৫০ লাখ রুপিতে বিক্রি করেছেন সালমান খান। ২০১৫ সালে তিনি ফ্ল্যাটটি ২ কোটি ৮৮ লাখ রুপিতে কিনেছিলেন। সম্প্রতি বিক্রয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার মাধ্যমে প্রায় ৬২ লাখ রুপি লাভ করেছেন এই অভিনেতা।

জানা গেছে, ২০২৬ সালের ৯ জুলাই ফ্ল্যাটটির বিক্রয় নিবন্ধন সম্পন্ন হয়। প্রতি বর্গফুটের দাম পড়েছে প্রায় ৪৬ হাজার রুপি। ফ্ল্যাটটির সঙ্গে দুটি গাড়ি রাখার পার্কিং সুবিধাও রয়েছে।

সম্পত্তির নতুন মালিক ফ্ল্যাটটি কিনতে ২১ লাখ রুপি স্ট্যাম্প ডিউটি এবং ৩০ হাজার রুপি নিবন্ধন ফি পরিশোধ করেছেন।

এটি গত দুই বছরে সালমান খানের বিক্রি করা দ্বিতীয় ফ্ল্যাট। এর আগে ২০২৫ সালের জুলাইয়ে একই আবাসনের আরও একটি বড় ফ্ল্যাট ৫ কোটি ৩৫ লাখ রুপিতে বিক্রি করেছিলেন তিনি। সেই ফ্ল্যাটটির আয়তন ছিল প্রায় ১ হাজার ৩১৮ বর্গফুট।

দীর্ঘদিন ধরেই মুম্বইয়ের বান্দ্রার ব্যান্ডস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিখ্যাত গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে পরিবারের সঙ্গে বসবাস করছেন সালমান খান। সমুদ্রতীরবর্তী এই এলাকা বলিউড তারকাদের আবাসস্থল হিসেবে পরিচিত। সারা বছরই প্রিয় তারকাদের এক ঝলক দেখতে সেখানে ভিড় করেন অসংখ্য ভক্ত।

শুধু সম্পত্তি বিক্রিই নয়, রিয়েল এস্টেট খাতে বিনিয়োগও বাড়াচ্ছে খান পরিবার। চলতি বছরের জুনে বান্দ্রার চিম্বাই এলাকায় একটি আবাসিক টাওয়ার নির্মাণের প্রস্তাব অনুমোদন দিয়েছে মহারাষ্ট্র কোস্টাল জোন ম্যানেজমেন্ট অথরিটি।

প্রস্তাবিত প্রকল্পটি গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের কাছাকাছি এলাকায় নির্মিত হবে। সাম্প্রতিক বছরগুলোতে আবাসিক ও বাণিজ্যিক—উভয় ধরনের রিয়েল এস্টেট প্রকল্পেই বিনিয়োগ বাড়িয়েছে সালমান খান ও তার পরিবার।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন