বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

‘অনিবার্য কারণে’ স্থগিত অনুপম রায়ের একক কনসার্ট

‘অনিবার্য কারণে’ স্থগিত অনুপম রায়ের একক কনসার্ট
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ঢাকার সংগীতপ্রেমীদের জন্য বহুল প্রতীক্ষিত কলকাতার জনপ্রিয় গায়ক-গীতিকার অনুপম রায়ের একক কনসার্ট শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে।

আগামী ১ আগস্ট রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে ‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’ শীর্ষক এই কনসার্ট আয়োজনের কথা ছিল। তবে সব ধরনের প্রস্তুতি ও প্রয়োজনীয় অনুমোদন সম্পন্ন হওয়ার পরও অনুষ্ঠানটি আর অনুষ্ঠিত হচ্ছে না।

আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশন জানিয়েছে, কনসার্ট আয়োজনের জন্য সংশ্লিষ্ট সব প্রশাসনিক অনুমতি ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ‘অনিবার্য কারণ’ উল্লেখ করে অনুষ্ঠানটি আয়োজন না করার নির্দেশ দেয়। এর পরিপ্রেক্ষিতেই কনসার্ট স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে আয়োজকরা জানান, অনুষ্ঠানের সব প্রস্তুতি শেষ হওয়ার পর এমন সিদ্ধান্ত নিতে হওয়ায় তারা হতাশ। একই সঙ্গে দর্শক, শিল্পী, স্পন্সর, পার্টনার এবং আয়োজনের সঙ্গে যুক্ত সবাই এই ঘটনায় হতাশ হয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা মেনে কনসার্ট স্থগিত করা হয়েছে। ভবিষ্যতে পরিস্থিতি অনুকূলে থাকলে নতুন তারিখে অনুষ্ঠান আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

অনুপম রায় বাংলা সংগীতের অন্যতম জনপ্রিয় নাম। তার লেখা ও গাওয়া বহু গান শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ঢাকায় তার এই একক কনসার্ট ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যে বেশ আগ্রহ তৈরি হয়েছিল।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন