বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

সালমানের বাড়ির বাইরে কর্তব্যরত কনস্টেবলের আকস্মিক মৃত্যু

সালমানের বাড়ির বাইরে কর্তব্যরত কনস্টেবলের আকস্মিক মৃত্যু
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বলিউড অভিনেতা সলমন খানের বান্দ্রার বাড়ি ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্টস’-এর বাইরে নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশকর্মীর আকস্মিক মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় কর্তব্যরত অবস্থায় অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে নেওয়া হলে ৪১ বছর বয়সী ওই পুলিশকর্মীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।

মৃত পুলিশকর্মীর নাম গণেশ রায়তে। তিনি মুম্বই পুলিশের এলএ-৪ ইউনিটে কর্মরত ছিলেন। সলমন খানের বাড়ির বাইরে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে দায়িত্ব পালন করার সময় হঠাৎ অসুস্থ বোধ করেন গণেশ। বিষয়টি বুঝতে পেরে সহকর্মীরা দ্রুত তাকে ভাবা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে কর্তব্যরত অবস্থায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে গণেশের মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ জন্য তার মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, মুম্বই পুলিশে যোগ দেওয়ার আগে ভারতীয় সেনাবাহিনীতেও কর্মরত ছিলেন গণেশ রায়তে। দীর্ঘ কর্মজীবনে নিরাপত্তা ও জনসেবার দায়িত্ব পালন করেছেন তিনি।

কর্তব্যরত অবস্থায় তার এমন আকস্মিক মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর পুলিশ প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শুরু করেছে।

সলমন খানের বাড়ির বাইরে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের দায়িত্বের বিষয়টিও এর মধ্য দিয়ে নতুন করে আলোচনায় এসেছে। তারকা অভিনেতার বাড়ির নিরাপত্তায় নিয়োজিত পুলিশকর্মীরা নিয়মিতভাবে সেখানে দায়িত্ব পালন করেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন