বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

কারাগারে কেমন আছেন ইমরান খান?

কারাগারে কেমন আছেন ইমরান খান?
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা চলছে। বিশেষ করে তাঁর চোখের সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পরিবার ও দল। এবার কারা কর্তৃপক্ষ জানিয়েছে, চিকিৎসার পর ইমরান খানের চোখের অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এবং তাঁর দৃষ্টিশক্তি বর্তমানে ‘প্রায় স্বাভাবিক’।

রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার কর্তৃপক্ষ সোমবার (১৭ আগস্ট) ইমরান খানের শারীরিক অবস্থাসংক্রান্ত একটি মেডিকেল প্রতিবেদন দেশটির সুপ্রিম কোর্টে জমা দিয়েছে। মঙ্গলবার তিন সদস্যের বেঞ্চে তাঁর করা একটি আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।

ওই আবেদনে ইমরান খানকে ইসলামাবাদের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা, পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সুযোগ বাড়ানো এবং ব্যক্তিগত চিকিৎসকদের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করানোর অনুমতি চাওয়া হয়েছে।

কারা কর্তৃপক্ষের প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খানকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিতে কারা প্রশাসন যথাযথ ব্যবস্থা নিয়েছে। কারাগারের চিকিৎসকেরা দিনে তিনবার তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন।

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তাঁর খাবার, রক্তচাপ, হৃদ্‌স্পন্দন এবং রক্তে অক্সিজেনের মাত্রা পরীক্ষা করা হচ্ছে। কারাগারে থাকার পুরো সময়ের চিকিৎসাসংক্রান্ত তথ্য ও নথিও সংরক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

তবে কারা কর্তৃপক্ষের জমা দেওয়া মেডিকেল নথিতে ইমরান খানের শারীরিক অবস্থার কিছু সমস্যার কথাও উঠে এসেছে। আগস্টের ১ থেকে ১০ তারিখ পর্যন্ত করা বিভিন্ন পরীক্ষায় তাঁর রক্তচাপের ওঠানামা, হৃদ্‌স্পন্দন বেড়ে যাওয়া, মাথাব্যথা ও অস্থিরতার মতো উপসর্গের কথা উল্লেখ করা হয়েছে।

চিকিৎসকদের কেউ কেউ এসব উপসর্গকে স্ত্রী, পরিবারের সদস্য ও সামাজিক সহকর্মীদের সঙ্গে অনিয়মিত সাক্ষাতের কারণে তৈরি হওয়া মানসিক চাপের সঙ্গে সম্পর্কিত বলে মনে করেছেন।

তবে কারা কর্তৃপক্ষ জানিয়েছে, ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবির মধ্যে এ পর্যন্ত ৮৪ বার সাক্ষাৎ হয়েছে। বর্তমানে প্রতি মঙ্গলবার তাঁদের দেখা করার অনুমতি রয়েছে।

কারা কর্তৃপক্ষ ইমরান খানের চোখের অবস্থার উন্নতির কথা জানালেও তাঁর সামগ্রিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটির পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে নিয়মিত চিকিৎসা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

৭৩ বছর বয়সী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। তাঁর স্ত্রী বুশরা বিবিও আদিয়ালা কারাগারে বন্দি।

কারা কর্তৃপক্ষের দাবি, ইমরান খান ও বুশরা বিবি—দুজনকেই প্রয়োজন অনুযায়ী চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে এবং তাঁদের স্বাস্থ্য ও সুস্থতা কারা প্রশাসনের অগ্রাধিকারের মধ্যে রয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন