বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

‘যুদ্ধ ও কূটনীতি—দুই ক্ষেত্রেই ইরান জিতেছে’, দাবি আরাঘচির

‘যুদ্ধ ও কূটনীতি—দুই ক্ষেত্রেই ইরান জিতেছে’, দাবি আরাঘচির
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘সাদা পতাকা ওড়ানোর’ আহ্বানের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি দাবি করেছেন, যুদ্ধ ও কূটনীতি—দুই ক্ষেত্রেই জয় পেয়েছে তেহরান।

মঙ্গলবার এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, যারা শুরুতে ইরানের কাছে ‘শর্তহীন আত্মসমর্পণ’ দাবি করেছিল, তারাই পরে আলোচনার টেবিলে বসার জন্য অনুরোধ করেছে। ইরানের সংবাদমাধ্যম তাসনিম তার বক্তব্যের বরাতে এ তথ্য জানিয়েছে।

আরাঘচি বলেন, ইরানের বিরুদ্ধে ব্যাপক হামলা চালানো হলেও দেশটি দীর্ঘ সময় ধরে প্রতিরোধ গড়ে তুলেছে। তার ভাষ্য অনুযায়ী, বিশ্বের অন্যতম বৃহৎ সামরিক শক্তি এবং ইরানের বিরুদ্ধে অবস্থান নেওয়া বিভিন্ন পশ্চিমা দেশের সমর্থনের বিপরীতে তেহরান লড়াই চালিয়ে গেছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা শুরুতে শর্তহীন আত্মসমর্পণ চেয়েছিল, যুদ্ধ শুরুর কয়েক দিনের মধ্যেই তারাই আলোচনার জন্য অনুরোধ করতে শুরু করে।’

তার দাবি, ইরান শুরুতে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। তেহরান তখন পর্যন্ত লড়াই চালিয়ে যায়, যতক্ষণ না অপর পক্ষ যুদ্ধবিরতি মেনে নেয় এবং ইরানের শর্ত অনুযায়ী আলোচনায় বসতে সম্মত হয়।

আরাঘচি বলেন, ‘আমরা শক্তি দিয়ে লড়াই করেছি এবং শক্তি দিয়েই আলোচনা করেছি।’ বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা তাকে বলেছেন, ইরান যুদ্ধ ও কূটনীতি—উভয় ক্ষেত্রেই বিজয়ী হয়েছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে লড়াই থেকে সরে এসে ‘সাদা পতাকা ওড়ানোর’ আহ্বান জানিয়েছিলেন। সেই বক্তব্যের পরদিনই ইরানের পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে এমন মন্তব্য এলো।


সূত্র: আনাদোলু
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন