বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • স্বামীর ‘প্রভাব ও ক্ষমতা’ নিয়ে ঈশার মন্তব্য, এরপরই বিচ্ছেদ বাদশার

    স্বামীর ‘প্রভাব ও ক্ষমতা’ নিয়ে ঈশার মন্তব্য, এরপরই বিচ্ছেদ বাদশার
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    র‍্যাপার ও গায়ক বাদশা এবং পঞ্জাবি অভিনেত্রী ঈশা রিখির সম্পর্ক ও বিয়ে নিয়ে কয়েক মাস ধরেই ছিল নানা আলোচনা। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে তাঁদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে এসেছে। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বাদশা জানিয়েছেন, পারস্পরিক সম্মতির ভিত্তিতে তাঁরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

    ইনস্টাগ্রাম স্টোরিতে বাদশা লেখেন, ‘পারস্পরিক সম্মানের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সময়ে সকলের কাছে আমাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করার অনুরোধ করছি।’

    এর মাধ্যমে প্রথমবারের মতো তাঁদের দাম্পত্য সম্পর্কের বর্তমান পরিস্থিতি নিয়ে সরাসরি মুখ খুললেন বাদশা। যদিও বেশ কিছুদিন ধরেই তাঁদের সম্পর্কের টানাপোড়েন ও বিচ্ছেদ নিয়ে নানা ধরনের গুঞ্জন ছড়াচ্ছিল।

    মার্চে ছড়ায় বিয়ের খবর

    বাদশা ও ঈশার বিয়ের খবর প্রথম জোরালোভাবে সামনে আসে চলতি বছরের মার্চে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের ঘরোয়া অনুষ্ঠানের কয়েকটি ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর অনুরাগীদের মধ্যে বিয়ের গুঞ্জন শুরু হয়।

    ঈশার মা পুনম রিখিও তখন কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন। সেসব ছবি দেখে অনেকেই ধারণা করেন, বাদশা ও ঈশা বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন।

    তবে নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে দুজনই বরাবরই খুব একটা প্রকাশ্যে কথা বলেননি। ফলে বিয়ের বিষয়টি নিয়ে দীর্ঘদিন স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি।

    ঈশার আবেগঘন পোস্টে বাড়ে জল্পনা

    জুলাইয়ে ঈশার একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনা তৈরি করে। সেখানে অভিনেত্রী জানান, দীর্ঘ সময় ধরে তিনি ভয় ও মানসিক চাপের মধ্য দিয়ে গেছেন।

    নিজের বক্তব্যে ঈশা এমন পরিস্থিতির ইঙ্গিত দেন, যেখানে তাঁর স্বামীর প্রভাব ও ক্ষমতার কারণে তিনি চাপে ছিলেন। একই সঙ্গে তিনি বোঝাতে চেয়েছিলেন, কোনো বিষয়ে নীরব থাকা মানেই পরিস্থিতি মেনে নেওয়া নয়; অনেক সময় টিকে থাকার জন্যও মানুষ নীরব থাকে।

    ঈশার ওই পোস্টের পর তাঁদের সম্পর্কে সমস্যা তৈরি হয়েছে কি না, তা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়। তবে তখনও বাদশা-ঈশার কেউই বিচ্ছেদের বিষয়টি প্রকাশ্যে নিশ্চিত করেননি।

    পারস্পরিক সম্মতিতে আলাদা

    শেষ পর্যন্ত সোমবার বাদশার বক্তব্যে সেই জল্পনার অবসান হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সংক্ষিপ্ত বার্তায় তিনি জানান, দুজনের সম্মতিতেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    বিচ্ছেদের কারণ নিয়ে বিস্তারিত কিছু জানাননি এই র‍্যাপার। বরং তাঁদের ব্যক্তিগত বিষয়কে সম্মান করার জন্য অনুরাগী ও সংবাদমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

    বাদশার দ্বিতীয় বিয়ে

    ঈশা রিখির সঙ্গে সম্পর্কের আগে বাদশা জৈস্মীন মসীহের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের পর ২০১২ সালে তাঁদের বিয়ে হয়।

    ২০১৭ সালে তাঁদের একটি কন্যাসন্তান জন্ম নেয়। দীর্ঘ দাম্পত্যের পর ২০২০ সালে বাদশা ও জৈস্মীনের বিচ্ছেদ হয়।

    এরপর পঞ্জাবি অভিনেত্রী ঈশা রিখির সঙ্গে সম্পর্কে জড়ান বাদশা। তাঁদের সম্পর্কও দীর্ঘদিন ব্যক্তিগত পর্যায়েই ছিল। চলতি বছরের মার্চে বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর বিষয়টি আরও বেশি আলোচনায় আসে।

    তবে বিয়ের খবর প্রকাশ্যে আসার কয়েক মাসের মধ্যেই তাঁদের বিচ্ছেদের ঘোষণা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন