বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

জাপানে শতবর্ষী মানুষের সংখ্যা ছাড়াল ১ লাখ

জাপানে শতবর্ষী মানুষের সংখ্যা ছাড়াল ১ লাখ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

জাপানে ১০০ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা প্রথমবারের মতো ১ লাখ ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের বরাত দিয়ে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে বিবিসি।

পরিসংখ্যান অনুযায়ী, জাপানে বর্তমানে ১ লাখ ৭ হাজার ৬৭৭ জন শতবর্ষী মানুষ রয়েছেন। তাদের ৮৮ শতাংশই নারী। সবচেয়ে বয়স্ক নারী কিয়োটো শহরের ১১৪ বছর বয়সী কিশিমোতো ফুয়ো। আর সবচেয়ে বয়স্ক পুরুষ কুমামোটোর ১১২ বছর বয়সী কাতো হিকারু।

জাপানের স্বাস্থ্যমন্ত্রী কেনিচিরো উয়েনো চিকিৎসা ও প্রযুক্তির অগ্রগতির কথা উল্লেখ করে বলেন, এত বিপুলসংখ্যক মানুষ দীর্ঘ, সুস্থ ও কর্মচঞ্চল জীবনযাপন করছেন—এতে তিনি অত্যন্ত আনন্দিত। তবে টেকসই সামাজিক নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখতে জাপানের সামনে চ্যালেঞ্জ রয়েছে বলেও সতর্ক করেন তিনি।

বিশেষজ্ঞরা জাপানিদের দীর্ঘায়ুর পেছনে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও কর্মচঞ্চল জীবনযাপনসহ বিভিন্ন কারণকে দায়ী করেন। দেশটির খাদ্যতালিকায় মাছ, শাকসবজি ও চালের প্রাধান্য রয়েছে। পশ্চিমা অনেক খাদ্যাভ্যাসের তুলনায় এতে সম্পৃক্ত চর্বির পরিমাণও কম।

এ ছাড়া জাপানের বয়স্করা নিয়মিত হাঁটাচলা, গণপরিবহন ব্যবহার, সাইকেল চালানো এবং স্ট্রেচিং বা অন্যান্য ব্যায়াম করে থাকেন।

তবে দেশটিতে বয়স্ক মানুষের সংখ্যা বাড়ার সঙ্গে জনমিতিক চাপও বাড়ছে। এর একটি উদাহরণ হিসেবে বলা হয়েছে, এক দশকেরও বেশি সময় ধরে জাপানে শিশুদের ডায়াপারের তুলনায় বয়স্কদের ডায়াপার বেশি বিক্রি হচ্ছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন