পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ

পশ্চিম তীরের বেথলেহেমের কাছে প্রেস টিভির নারী সাংবাদিক নাঘাহ হামেদকে ইসরায়েলি বাহিনী আটক করেছে বলে অভিযোগ উঠেছে। আটকের পর তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম পার্স টুডে ও তাসনিম নিউজ এজেন্সি।
প্রতিবেদন অনুযায়ী, বুধবার বেথলেহেমের দক্ষিণ-পূর্বে তুকু এলাকার একটি চেকপোস্টে ইসরায়েলি বাহিনী সাংবাদিক হামেদ ও তাঁর ক্যামেরা দলের গাড়ি থামায়। পরে দলের সদস্যদের তল্লাশি করা হয়। এক সহকর্মীর বরাতে প্রেস টিভি জানিয়েছে, ইসরায়েলি বাহিনী হামেদকে আটক করে ক্যামেরাম্যানদের ছেড়ে দেয়।
হামেদ এর আগে ইসরায়েলি বাহিনীর অভিযানের খবর সংগ্রহের সময়ও হামলার শিকার হয়েছিলেন। গত আগস্টের মাঝামাঝি সময়ে অধিকৃত আল-কুদসের উত্তরে কালান্দিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর অভিযান কাভার করার সময় সাংবাদিকদের লক্ষ্য করে স্টান গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছোড়া হয়। ওই ঘটনায় হামেদ আহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, ওই সময় ঘটনাস্থলে সাংবাদিকদের পেশাগত পরিচয় স্পষ্টভাবে দৃশ্যমান ছিল।
এ ছাড়া হামেদকে লক্ষ্য করে ইসরায়েলি বাহিনীর গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
পার্স টুডের প্রতিবেদনে আরও বলা হয়, হামেদকে নিয়ে গত এক মাস ধরে ইসরায়েল-সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলো থেকে অনলাইনে সমন্বিত প্রচারণা চালানো হয়েছে। একই ধরনের ভাষায় বিভিন্ন পোস্ট প্রকাশের মাধ্যমে তাঁর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে চাপ তৈরির চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
তবে হামেদকে আটকের বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের কোনো বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।