পাকিস্তানে মসজিদে গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১৬

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে একটি মসজিদে গাড়িবোমা হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন বেসামরিক নাগরিক ও পাঁচজন পুলিশ সদস্য রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) প্রদেশটির কোহাত জেলায় জুমার নামাজের সময় এ হামলার ঘটনা ঘটে। পেশোয়ার পুলিশের বরাতে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরক বোঝাই একটি গাড়ি মসজিদের গেটে ধাক্কা দেওয়ার পর বিস্ফোরণ ঘটে। হামলার সময় জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে হামলাকারীদের গোলাগুলি শুরু হয়। এ সময় পুলিশের গুলিতে একজন হামলাকারী নিহত হয়েছেন বলে জানা গেছে।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, কোহাত জেলার পুলিশ সদরদপ্তরের মসজিদের গেটে বিস্ফোরকবোঝাই গাড়িটি আঘাত করার পর বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।
ডিপিএ জানিয়েছে, হামলার পর আহতদের পাশাপাশি বেশ কয়েকটি মরদেহ স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালের চিকিৎসক তাহির শাহ জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
এখন পর্যন্ত কোনো সশস্ত্র গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে আফগানিস্তান সীমান্তবর্তী এই এলাকায় তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সক্রিয়তা রয়েছে। গোষ্ঠীটি অতীতেও পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ও বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে এবং মসজিদে বোমা হামলার ঘটনাতেও তাদের নাম এসেছে।
হামলার পর পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী হামলাকারীদের শনাক্ত ও আটকের জন্য অভিযান চালাচ্ছে।
সূত্র: বিবিবি, আলজাজিরা