সূচকের বড় উত্থান, ডিএসইতে এক মাসের সর্বোচ্চ লেনদেন

পতনের ধারা কাটিয়ে ঊর্ধ্বমুখী হয়েছে দেশের শেয়ারবাজার। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২০ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। এতে প্রধান মূল্যসূচকের বড় উত্থানের পাশাপাশি লেনদেনও বেড়েছে।
এদিনের লেনদেন নিয়ে টানা চার কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকল দেশের প্রধান শেয়ারবাজার। একই সঙ্গে ডিএসইতে গত এক মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে।
রোববার লেনদেনের শুরু থেকেই বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়তে থাকে। এতে প্রথম থেকেই সূচক ঊর্ধ্বমুখী ছিল। দিনের শেষভাগে দাম বাড়ার প্রবণতা আরও জোরালো হয়। ফলে বড় উত্থানের মধ্য দিয়ে দিনের লেনদেন শেষ করে ডিএসই।
দিন শেষে ডিএসইতে ২৮৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে ৬২টির দাম কমেছে এবং ৩৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম অপরিবর্তিত রয়েছে।
১০ শতাংশ বা তার বেশি লভ্যাংশ দেওয়া ভালো কোম্পানিগুলোর মধ্যে ১৫৭টির শেয়ারদর বেড়েছে। কমেছে ২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির দাম। ১০ শতাংশের কম লভ্যাংশ দেওয়া মাঝারি মানের কোম্পানিগুলোর মধ্যে ৬৩টির শেয়ারদর বেড়েছে এবং ১১টির কমেছে।
লভ্যাংশ না দেওয়ায় ‘জেড’ গ্রুপে থাকা কোম্পানিগুলোর মধ্যে ৬৭টির শেয়ারদর বেড়েছে। বিপরীতে ২৭টির কমেছে এবং ২৪টির দাম অপরিবর্তিত রয়েছে। এ ছাড়া ২৭টি মিউচুয়াল ফান্ডের দাম বেড়েছে এবং ৬টির দাম অপরিবর্তিত ছিল। কোনো মিউচুয়াল ফান্ডের দাম কমেনি।
অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর বাড়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৬০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৯২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই-৩০ সূচক ২০ পয়েন্ট বেড়ে ২ হাজার ১২১ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ১১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৮ পয়েন্টে অবস্থান করছে।
সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণও। রোববার ডিএসইতে মোট ৭৪৭ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৫৫ কোটি ৪২ লাখ টাকা। অর্থাৎ এক দিনে লেনদেন বেড়েছে ৯১ কোটি ৯৬ লাখ টাকা।
ডিএসইতে এর আগে সর্বশেষ গত ১৮ আগস্ট এর চেয়ে বেশি লেনদেন হয়েছিল। ওইদিন বাজারটিতে ৯৯৮ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়।
লেনদেনের দিক থেকে রোববার সবচেয়ে এগিয়ে ছিল ইস্টার্ন ব্যাংক। কোম্পানিটির ৩৬ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২৫ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় অবস্থানে ছিল শার্প ইন্ডাস্ট্রিজ। আর ২৩ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় অবস্থানে ছিল আইপিডিসি ফাইন্যান্স।
ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় আরও ছিল প্যারামাউন্ট টেক্সটাইল, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, সায়হাম টেক্সটাইল, এশিয়াটিক ল্যাবরেটরিজ, লাভেলো আইসক্রিম, এনভয় টেক্সটাইল ও রিলায়েন্স ইন্স্যুরেন্স।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) রোববার লেনদেনে অংশ নেওয়া ১৯২টি প্রতিষ্ঠানের মধ্যে ১৩৪টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। কমেছে ৪১টির এবং অপরিবর্তিত ছিল ১৭টির দাম।
এতে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ১১৯ পয়েন্ট বেড়েছে। তবে সেখানে লেনদেনের পরিমাণ কমেছে। দিন শেষে সিএসইতে ১০ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৭ কোটি ১৪ লাখ টাকা।