বিগ বসের মঞ্চে সালমানের বুক চেপে পড়ে যাওয়ার রহস্য

‘বিগ বস ২০’-এর মঞ্চে সালমান খানের হঠাৎ বুক চেপে ধরে মাটিতে পড়ে যাওয়ার দৃশ্য প্রকাশ্যে আসতেই উদ্বেগ ছড়িয়ে পড়ে ভক্তদের মধ্যে। প্রচারচিত্রে তাকে যন্ত্রণায় কাতর হতে দেখে অনেকেই ধরে নেন, হয়তো গুরুতর কোনো শারীরিক সমস্যায় পড়েছেন বলিউডের এই অভিনেতা।
তবে পরে জানা যায়, বাস্তবে অসুস্থ হননি সালমান। পুরো ঘটনাটি ছিল ‘বিগ বস’-এর একটি প্রচারচিত্রের অংশ। প্রচারচিত্রটি এমনভাবে সম্পাদনা করা হয়েছিল, যাতে ঘটনাটিকে বাস্তব বলে মনে হতে পারে। বিষয়টি নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তির পর নিজেই পরিস্থিতি পরিষ্কার করেছেন সালমান।
অভিনেতা জানান, ঈশ্বরের কৃপায় তিনি সুস্থ আছেন। প্রচারচিত্রের দৃশ্য দেখে দর্শকদের মধ্যে যে ভুল ধারণা তৈরি হয়েছে, তার কারণ মূলত সম্পাদনার ধরন।
ঘটনার সূত্রপাত ‘বিগ বস’-এর ঘরে প্রতিযোগী কাজি তৌকিরের একটি আচরণকে কেন্দ্র করে। একটি টাস্কের পর কাজি এমনভাবে ওষুধ চাইতে থাকেন যে, অন্য প্রতিযোগীরা তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। বিষয়টি নজরে এলে ‘বিগ বস’ তাকে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেন।
চিকিৎসকের কাছে যাওয়ার পর অবশ্য ভিন্ন চিত্র সামনে আসে। কাজি জানান, তার কোনো শারীরিক সমস্যা হয়নি। তিনি খেলাটিকে আকর্ষণীয় করে তুলতেই অসুস্থতার অভিনয় করেছিলেন। দর্শকদের বিনোদন দেওয়াই ছিল তার উদ্দেশ্য বলে জানান তিনি।
কাজির এমন আচরণ ভালোভাবে নেননি সালমান। তার মতে, অসুস্থতার অভিনয় করে অন্যদের উদ্বিগ্ন করা ঠিক নয়। কারণ, ঘরের অন্য সদস্যরা বিষয়টি সত্যি ভেবে মানসিকভাবে চিন্তিত হয়ে পড়েছিলেন।
কাজিকে বিষয়টির গুরুত্ব বোঝানোর সময়ই সালমান নিজের শারীরিক অসুস্থতার অভিনয় করেন। কিন্তু প্রচারচিত্রে সেই দৃশ্য এমনভাবে উপস্থাপন করা হয় যে, দর্শকদের একাংশ বিষয়টি বাস্তব বলে ধরে নেন।
এ নিয়ে সালমান জানান, তার উদ্দেশ্য ছিল কাজিকে বোঝানো—কেউ অসুস্থতার অভিনয় করলে তার আশপাশের মানুষ কতটা উদ্বিগ্ন হয়ে পড়তে পারেন। কিন্তু প্রচারচিত্রের সম্পাদনায় পুরো ঘটনাটি ভিন্ন অর্থ তৈরি করেছে।
প্রচারচিত্র নিয়ে আপত্তি থাকলেও সংশ্লিষ্টদের পক্ষ থেকে দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করেন সালমান। একই সঙ্গে নিজের স্বাস্থ্যের বিষয়ে ভক্তদের আশ্বস্ত করে জানান, তিনি ভালো আছেন।
এর আগে সন্তান জন্মের পর শারীরিক গঠন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের মুখে পড়া অভিনেত্রী ক্যাটরিনা কাইফের পক্ষেও ‘বিগ বস’-এর মঞ্চে কথা বলতে দেখা গিয়েছিল সালমানকে। সেই ঘটনার পর তার অবস্থান নিয়ে আলোচনা চলার মধ্যেই নতুন করে আলোচনায় আসে তার এই প্রচারচিত্র।