হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১,২৯৭

দেশে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১০ এপ্রিল থেকে হাম-সংক্রান্ত রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৮ জনে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০০ জন এবং সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ৯৪৮ জনের।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত হাম পরিস্থিতি-সংক্রান্ত এক বার্তায় এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে।
এ সময়ে নতুন করে ৫২ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২৪৫ জন। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় হাম-সংক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছে মোট ১ হাজার ২৯৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১০ এপ্রিল থেকে দেশে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৭ হাজার ৭২৫ জনে। একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২০ হাজার ৩৯৫ জনের।
বিভাগভিত্তিক হিসাবে নিশ্চিত হামে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে—৬৩ জন। এছাড়া বরিশালে ১৯, চট্টগ্রামে ১০, সিলেট ও রাজশাহীতে তিনজন করে এবং ময়মনসিংহে দুজন মারা গেছেন।
অন্যদিকে, সন্দেহজনক হামে সবচেয়ে বেশি ৪২৬ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ ছাড়া সিলেটে ১৬৫, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৭৭, চট্টগ্রামে ৭৪, বরিশালে ৫৯, খুলনায় ৪০ এবং রংপুরে ১৪ জনের মৃত্যু হয়েছে।