রিয়াদে ভোরে বিস্ফোরণের শব্দ, বিমান হামলার সতর্কতা জারি

সৌদি আরবের রাজধানী রিয়াদে শনিবার ভোরে দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে দেশটির কর্তৃপক্ষ রাজধানীর বাসিন্দাদের বিমান হামলার সতর্কতা দিয়ে ঘরে অবস্থানের নির্দেশ দিয়েছিল।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রাত ৩টার কিছু আগে রিয়াদের বাসিন্দাদের মোবাইলে সতর্কবার্তা পাঠানো হয়। এতে বলা হয়, এলাকাটি শত্রুপক্ষের আকাশপথে হামলার হুমকির মধ্যে রয়েছে এবং বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার নির্দেশ দেওয়া হয়।
এর কিছুক্ষণ পর এএফপির সাংবাদিকরা দুটি বিস্ফোরণের শব্দ শুনতে পান। প্রায় ৩০ মিনিট পর সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ বিমান হামলার সতর্কতা প্রত্যাহার করে নেয়।
সাম্প্রতিক সময়ে ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর সঙ্গে সংঘাত তীব্র হওয়ার পর সৌদি আরবও তাদের হামলার লক্ষ্যবস্তু হয়ে উঠেছে। জুলাইয়ে ইয়েমেনে সংঘাত তীব্র হওয়ার পর এই প্রথম রাজধানী রিয়াদে এমন ঘটনার খবর পাওয়া গেল।
হুথিরা ইয়েমেনের বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ করে। চলতি মাসে তারা নতুন করে সামরিক অভিযান শুরু করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাদের লক্ষ্য ইয়েমেনের লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ আরও বিস্তৃত করা।
এদিকে সৌদি আরবের তেল রপ্তানির গুরুত্বপূর্ণ সমুদ্রপথ বাব আল-মান্দাব নিয়েও উত্তেজনা তৈরি হয়েছে। হুথিরা সৌদি আরবের বিরুদ্ধে ওই সমুদ্রপথে নৌ অবরোধের ঘোষণা দিয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
সমুদ্রপথ পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, জুলাইয়ের পর থেকে বাব আল-মান্দাব দিয়ে সৌদি আরবের তেল রপ্তানি কমেছে। তবে গত এক সপ্তাহে তেলবাহী পাঁচটি জাহাজ ওই পথ দিয়ে চলাচল করেছে।
হুথিদের পক্ষ থেকে বলা হয়েছে, সৌদি আরবের জাহাজ ছাড়া অন্য জাহাজগুলোর জন্য বাব আল-মান্দাব প্রণালি উন্মুক্ত রয়েছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, নতুন করে শুরু হওয়া সংঘাতের কারণে ইয়েমেনে ১ লাখ ১২ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এ ছাড়া প্রায় ৩ হাজার মানুষ সমুদ্রপথে পালিয়ে জিবুতিতে আশ্রয় নিয়েছে। এতে আগে থেকেই মানবিক সংকটে থাকা দেশটির সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে।