শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • গ্রিনল্যান্ডে বড় সামরিক উপস্থিতির চুক্তি যুক্তরাষ্ট্র-ডেনমার্কের মধ্যনগরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক দ্বিতীয় বিয়ের প্রথম বার্ষিকীতে শবনম ফারিয়ার আবেগঘন পোস্ট পুরুষদের পিরিয়ড হলে ‘পিরিয়ড লিভ’ থাকত: শ্রুতি হাসান সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণ কার্যক্রম সমন্বিত কাঠামোয় আনার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রীতি ম্যাচ খেলতে ডেকে মাঠে এল না চীন পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলা: অভিযানে ৮ জঙ্গি নিহত ঢাকায় ২০০টির বেশি চেকপোস্ট, ককটেল বিস্ফোরণের পর নিরাপত্তা জোরদার এফ-৩৫ ও এফ-১৫ শিকার হওয়ার সময় শুরু হয়েছে: ইরানি স্পিকার সালমান শাহ: চলে গিয়েও যিনি থেকে গেছেন কোটি দর্শকের হৃদয়ে
  • ঢাকায় ২০০টির বেশি চেকপোস্ট, ককটেল বিস্ফোরণের পর নিরাপত্তা জোরদার

    ঢাকায় ২০০টির বেশি চেকপোস্ট, ককটেল বিস্ফোরণের পর নিরাপত্তা জোরদার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনার পর ঢাকায় নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গুরুত্বপূর্ণ স্থান, ফ্লাইওভার এবং রাজধানীর প্রবেশ ও বহির্গমনপথসহ ২০০টির বেশি স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি নিয়মিত টহলও জোরদার করা হয়েছে।

    শনিবার (১৯ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

    তিনি বলেন, শুক্রবার রাত থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কয়েকটি মামলা হয়েছে, আরও কিছু মামলা প্রক্রিয়াধীন রয়েছে। কাফরুল থানার সামনের বাসে আগুন দেওয়ার ঘটনায়ও মামলা হয়েছে।

    ডিএমপির এই কর্মকর্তা বলেন, রাজধানীর ২০০টির বেশি স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চলছে। ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্ট, ফ্লাইওভার ও প্রবেশপথগুলোতে বিশেষ নজরদারি করা হচ্ছে। পাশাপাশি মোটরসাইকেল চলাচলের ওপরও বিশেষ নজর রাখা হচ্ছে, যাতে অবৈধ মোটরসাইকেল ব্যবহার করে কোনো ধরনের নাশকতা বা অপরাধমূলক কর্মকাণ্ড চালানো না যায়।

    নিয়াজ মেহেদী আরও বলেন, নিয়মিত চেকপোস্ট ও টহল কার্যক্রমও অব্যাহত রয়েছে। অপরাধীদের যেকোনো ধরনের অপতৎপরতা ঠেকাতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

    পুলিশের তথ্য অনুযায়ী, শুক্রবার দুপুর থেকে রাত ১১টা পর্যন্ত রাজধানীর সাতটি গুরুত্বপূর্ণ এলাকায় অন্তত ১৪টি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়। মালিবাগ, আগারগাঁও, মহাখালী, যাত্রাবাড়ী, বাবুবাজার, বিটিভি ভবনের সামনে ও মগবাজার এলাকায় এসব বিস্ফোরণের ঘটনা ঘটে।

    এর মধ্যে শুক্রবার রাতে মগবাজার মোড়ের একটি জামে মসজিদের পাশে ককটেল বিস্ফোরণ ঘটে। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান জানান, রাত সোয়া ৯টার দিকে বিস্ফোরণ হলেও এতে কেউ হতাহত হননি।

    রাত ৮টার দিকে বাবুবাজার ব্রিজের নিচেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। কোতোয়ালি থানার ওসি মো. রবিউল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

    রাত ১১টার দিকে বিটিভির প্রধান ফটকের বিপরীত পাশের সড়কেও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়। ঘটনাটি হাতিরঝিল থানা এলাকার মধ্যে পড়েছে বলে পুলিশ জানিয়েছে।

    এর আগে শুক্রবার সন্ধ্যার পর যাত্রাবাড়ী থানার সামনে একাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটে। এতে ইবাদুর রহমান নামে এক রিকশাচালক আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। রাত পৌনে ৮টার দিকে থানার প্রধান ফটকের সামনে বিস্ফোরণের সময় তিনি আহত হন। ইবাদুরের বাড়ি কুড়িগ্রামের উলিপুরে এবং তিনি ঢাকার মুগদার মান্ডা এলাকায় থাকেন।

    এ ছাড়া একই সময়ে মহাখালী ও আগারগাঁও বেতার ভবনের সামনেও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়। শুক্রবার জুমার নামাজের পর মালিবাগ রেলগেটসংলগ্ন সড়কেও দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

    অন্যদিকে, রাত ১০টা ১৪ মিনিটের দিকে কাফরুল থানার সামনে একটি ফাঁকা বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে কারা বাসটিতে আগুন দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

    এদিকে, একই দিন রাজধানীর ফার্মগেট এলাকার একটি মসজিদ থেকে নিষিদ্ধ সংগঠন জেএমবির সদস্য সন্দেহে ২৩ জনকে আটক করে পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে বলে জানায় পুলিশ। তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান জানান, মসজিদে গোপন বৈঠক চলাকালে তাদের আটক করা হয়। তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে।

    ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও সন্দেহজনক ব্যক্তিদের আটকের পর রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ও নজরদারি আরও বাড়িয়েছে ডিএমপি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন