হাম ও উপসর্গে একদিনে ৫ মৃত্যু, নতুন রোগী ১ হাজার ২০

দেশে হামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও চারজন। ফলে গত ২৪ ঘণ্টায় হাম ও সন্দেহজনক হামে মোট পাঁচজনের মৃত্যু হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো হাম পরিস্থিতির সর্বশেষ বার্তায় এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে নিশ্চিত হামে একজন এবং সন্দেহজনক হামে চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১০ এপ্রিল থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গজনিত রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৩ জনে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০১ জনের এবং সন্দেহজনক হামে ৯৫২ জনের।
একই সময়ে নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৭৯ জনের। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে আরও ৯৪১ জন শনাক্ত হয়েছে। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১০ এপ্রিল থেকে দেশে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৮ হাজার ৬৬৬ জন। একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২০ হাজার ৪৭৪ জনের।
বিভাগভিত্তিক হিসাবে নিশ্চিত হামে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। সেখানে এ পর্যন্ত ৬৪ জনের মৃত্যু হয়েছে। বরিশালে ১৯, চট্টগ্রামে ১০, সিলেট ও রাজশাহীতে তিনজন করে এবং ময়মনসিংহে দুজন মারা গেছেন।
অন্যদিকে, সন্দেহজনক হামে সবচেয়ে বেশি ৪২৮ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ ছাড়া সিলেটে ১৬৭, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৭৭, চট্টগ্রামে ৭৪, বরিশালে ৫৯, খুলনায় ৪০ এবং রংপুরে ১৪ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হিসাব অনুযায়ী, দেশে হাম পরিস্থিতিতে নিশ্চিত ও সন্দেহজনক—দুই ধরনের রোগী ও মৃত্যুর ঘটনাই অব্যাহত রয়েছে।