বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন
  • শবে মেরাজের আলোকে মুসলমানের জীবনের চারটি মৌলিক শিক্ষা

    শবে মেরাজের আলোকে মুসলমানের জীবনের চারটি মৌলিক শিক্ষা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রজব মাস মুসলমানদের কাছে বিশেষ মর্যাদার অধিকারী। এই মাস আত্মশুদ্ধি, তওবা ও আসন্ন রমজানের প্রস্তুতির সময়। এই পবিত্র মাসেই সংঘটিত হয়েছিল ইসলামের ইতিহাসের এক বিস্ময়কর ও অলৌকিক ঘটনা—ইসরা ও মেরাজ। সেই রাতে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস হয়ে সপ্তম আসমানে গমন করে আল্লাহ তায়ালার সান্নিধ্য লাভ করেন।

    মেরাজের রাতে বাইতুল মুকাদ্দাসে মহানবী (সা.) পূর্ববর্তী সব নবী-রাসুলদের ইমামতি করেন। এরপর তিনি আসমানে আরোহণ করে সরাসরি আল্লাহর সঙ্গে কথোপকথনের সৌভাগ্য অর্জন করেন। এই ঐতিহাসিক সফরেই মুসলিম উম্মতের জন্য সবচেয়ে মূল্যবান উপহার হিসেবে ফরজ নামাজ বিধিবদ্ধ হয়।

    শুরুতে আল্লাহ তায়ালা উম্মতের জন্য দৈনিক ৫০ ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন। ফেরার পথে হজরত মুসা (আ.)-এর সঙ্গে সাক্ষাতে তিনি এ বিষয়ে জানতে চাইলে উম্মতের সক্ষমতার কথা বিবেচনায় নিয়ে নামাজের সংখ্যা কমানোর পরামর্শ দেন। মুসা (আ.)-এর পরামর্শে মহানবী (সা.) একাধিকবার আল্লাহর কাছে ফিরে যান। শেষ পর্যন্ত তা পাঁচ ওয়াক্তে নির্ধারিত হয়। এরপরও আরও কমানোর পরামর্শ দেওয়া হলেও মহানবী (সা.) আল্লাহর সামনে লজ্জাবোধের কারণে আর আবেদন করেননি।

    এই ঐতিহাসিক ঘটনা থেকে মুসলমানদের জন্য চারটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায়—

    ১. আল্লাহর আদেশে নিঃশর্ত আনুগত্য
    আল্লাহ যখন ৫০ ওয়াক্ত নামাজের নির্দেশ দেন, মহানবী (সা.) কোনো প্রশ্ন বা আপত্তি ছাড়াই তা গ্রহণ করেন। এতে শিক্ষা পাওয়া যায়—মুসলমানের দায়িত্ব হলো আল্লাহ ও তাঁর রাসুলের আদেশ শুনে বিনা দ্বিধায় তা মেনে নেওয়া।

    ২. কল্যাণকর উপদেশ গ্রহণের মানসিকতা
    হজরত মুসা (আ.)-এর পরামর্শ গ্রহণ করে নামাজ কমানোর আবেদন করা মহানবীর উদার মানসিকতার পরিচয়। এতে বোঝা যায়, সত্য ও কল্যাণের কথা যেখান থেকেই আসুক, তা গ্রহণ করার মানসিকতা একজন মুমিনের থাকা জরুরি।

    ৩. উম্মতের প্রতি মহানবীর গভীর ভালোবাসা
    মহানবী (সা.) চাইলে নিজে ৫০ ওয়াক্ত নামাজ আদায় করতে পারতেন। কিন্তু তিনি উম্মতের সক্ষমতার কথা ভেবে বারবার আল্লাহর কাছে ফিরে যান। এটি উম্মতের প্রতি তাঁর নিঃস্বার্থ ভালোবাসা ও দায়িত্ববোধের অনন্য দৃষ্টান্ত।

    এই শিক্ষা আমাদের প্রশ্নের মুখে দাঁড় করায়—আমরা কি আমাদের মুসলিম ভাই-বোনদের দুঃখ-কষ্ট লাঘবে সচেষ্ট?

    ৪. আল্লাহর সামনে বিনয় ও লজ্জাবোধ
    শেষ পর্যন্ত নামাজ পাঁচ ওয়াক্তে নেমে আসার পর মহানবী (সা.) আর আবেদন করেননি। কারণ তিনি তাঁর প্রভুর সামনে গভীর লজ্জা ও বিনয় অনুভব করেছিলেন। এই লজ্জাবোধ একজন মুমিনের চরিত্রের গুরুত্বপূর্ণ অংশ।

    আমাদেরও ভাবা উচিত—নামাজে গাফিলতি হলে আমরা কি লজ্জাবোধ করি? পাপের পথে যাওয়ার আগে কি আমাদের বিবেক বাধা দেয়?

    মহানবী (সা.) তাঁর জীবনে আল্লাহকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন, উম্মতের কল্যাণ ভেবেছেন এবং বিনয় ও লজ্জাবোধকে কখনো উপেক্ষা করেননি। শবে মেরাজ আমাদের সেই শিক্ষাগুলো নতুন করে স্মরণ করিয়ে দেয়, যা বাস্তব জীবনে অনুসরণ করাই একজন মুমিনের প্রকৃত দায়িত্ব।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন