শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • মৃত্যুর পর কাফেররা যে কারণে মুসলিম হওয়ার আকাঙ্ক্ষা করবে

    মৃত্যুর পর কাফেররা যে কারণে মুসলিম হওয়ার আকাঙ্ক্ষা করবে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অন্যের উন্নত জীবনযাপন দেখে অনেকের মনেই আকাঙ্ক্ষা জাগে, তাঁর মতো জীবন যদি নিজেরও হতো! কেউ উন্নত দেশ, বিলাসবহুল জীবন কিংবা সামাজিক অবস্থান দেখে নিজের জীবন নিয়ে আক্ষেপ করেন। এমনকি কারও কারও মধ্যে ভিন্ন ধর্মাবলম্বীদের জীবনধারা অনুসরণের প্রবণতাও দেখা যায়।

    তবে পবিত্র কোরআনে এমন এক আক্ষেপের কথা বলা হয়েছে, যা মৃত্যুর পর কাফেরদের মনে জাগবে। সেদিন তারা আকাঙ্ক্ষা করবে, যদি মুসলিম হতে পারত! কিন্তু তখন তাদের সেই আকাঙ্ক্ষা আর কোনো কাজে আসবে না।

    সুরা হিজরের দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন, ‘এমন একটা সময় আসবে, যখন কাফেররা আক্ষেপ করে বলবে, হায়! আমরা যদি মুসলিম হয়ে যেতাম!’ (সুরা হিজর, আয়াত: ২)

    ইবনে কাসিরসহ কোনো কোনো মুফাসসিরের ব্যাখ্যায় বলা হয়েছে, মৃত্যুর সময় কাফেররা এমন আকাঙ্ক্ষা করবে। তবে এ বিষয়ে বর্ণিত একটি হাদিসে আখেরাতের একটি পরিস্থিতির কথাও উঠে এসেছে।

    হজরত আবু মুসা আশআরি (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, কিয়ামতের দিন জাহান্নামবাসীরা যখন একত্রিত হবে, তখন তারা নিজেদের সঙ্গে কিছু গুনাহগার মুমিনকেও দেখতে পাবে। তারা মুমিনদের বলবে, তোমাদের ইসলাম তো তোমাদের কোনো উপকারে এল না। তোমরাও তো আমাদের সঙ্গে জাহান্নামে রয়েছ।

    জবাবে মুমিনরা বলবেন, তাঁদের কিছু গুনাহ ছিল, যার কারণে তাঁদের শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ তাদের কথোপকথন শুনবেন। এরপর কিবলামুখী মুসলমানদের জাহান্নাম থেকে বের করে আনার নির্দেশ দেওয়া হবে। তখন কাফেররা আফসোস করে বলবে, হায়! আমরা যদি মুসলিম হতাম, তাহলে তারাও যেভাবে জাহান্নাম থেকে মুক্তি পেয়েছে, আমরাও সেভাবে মুক্তি পেতাম।

    এরপর রাসুলুল্লাহ (সা.) সুরা হিজরের দ্বিতীয় আয়াত তিলাওয়াত করেন। (মুসতাদরাকে হাকেম, খণ্ড ২, পৃষ্ঠা ২৪২)

    অর্থাৎ আখেরাতে প্রকৃত পরিণতি উপলব্ধি করার পর কাফেররা ঈমান আনার আকাঙ্ক্ষা করবে। কিন্তু দুনিয়ার জীবনে ফিরে গিয়ে ঈমান গ্রহণের সুযোগ তখন আর থাকবে না।

    কোরআনের অন্য আয়াতেও পরকালে অবিশ্বাসীদের অনুশোচনার কথা তুলে ধরা হয়েছে। সুরা আনআমের ২৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ‘আপনি যদি দেখতে পেতেন, যখন তাদের আগুনের সামনে দাঁড় করানো হবে এবং তারা বলবে, হায়! যদি আমাদের আবার (দুনিয়ায়) ফেরত পাঠানো হতো, তবে আমরা আমাদের প্রতিপালকের নিদর্শন অস্বীকার করতাম না এবং আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হতাম।’

    একই সুরার ৩১ নম্বর আয়াতে বলা হয়েছে, যারা আল্লাহর সঙ্গে সাক্ষাৎকে মিথ্যা মনে করে, তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত। কিয়ামত হঠাৎ এসে উপস্থিত হলে তারা বলবে, ‘হায়! এ বিষয়ে আমরা যে অবহেলা করেছি, তার জন্য আক্ষেপ!’ তখন তারা নিজেদের পাপের বোঝা বহন করবে। তাদের এই বোঝা কতই না নিকৃষ্ট!

    ঈমান নিয়ে মৃত্যুবরণকারীর পরিণতি

    ইসলামের বিশ্বাস অনুযায়ী, শিরকমুক্ত অবস্থায় মৃত্যুবরণকারী ব্যক্তির জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শরিক না করে মৃত্যুবরণ করবে, সে জান্নাতে প্রবেশ করবে। আর যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা অবস্থায় মৃত্যুবরণ করবে, সে জাহান্নামে প্রবেশ করবে।’

    এই হাদিসের ব্যাখ্যায় আলেমদের মধ্যে দুটি মত পাওয়া যায়। এক মত অনুযায়ী, পরিপূর্ণ ঈমান নিয়ে মৃত্যুবরণকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবেন। আরেক ব্যাখ্যায় বলা হয়েছে, শিরকমুক্ত অবস্থায় মৃত্যুবরণ করলেও কেউ গুনাহের কারণে শাস্তি পেতে পারেন। তবে তাঁর ঈমান থাকলে শেষ পর্যন্ত আল্লাহর রহমতে জান্নাতে প্রবেশের সুযোগ পাবেন।

    কোরআনের বিভিন্ন আয়াতে কিছু অপরাধের শাস্তি হিসেবে চিরকাল জাহান্নামে থাকার কথা বলা হয়েছে। এ বিষয়ে মুফাসসিরদের ব্যাখ্যায় ঈমানদার পাপী এবং অবিশ্বাসীদের পরিণতির মধ্যে পার্থক্য তুলে ধরা হয়েছে। যাদের অন্তরে সামান্যতম ঈমানও রয়েছে, তারা গুনাহের কারণে শাস্তি ভোগ করলেও শেষ পর্যন্ত আল্লাহর রহমতে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করবে—ইসলামের আকিদায় এ বিশ্বাসের কথা বলা হয়েছে।

    কোরআনের এসব বর্ণনা মানুষের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী; তাই অন্যের জীবনযাপন দেখে ঈমান ও আখেরাতের কথা ভুলে যাওয়া উচিত নয়। মৃত্যুর পর অনুশোচনা করে লাভ হবে না। বরং দুনিয়াতেই ঈমান, সৎকর্ম ও আল্লাহর নির্দেশনা অনুসারে জীবন পরিচালনার সুযোগ রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন