বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

পবিত্র হজের খুতবা বাংলায় তুলে ধরবেন চার আলেম

পবিত্র হজের খুতবা বাংলায় তুলে ধরবেন চার আলেম
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বিশ্বের মানুষের কাছে ইসলামের বাণী পৌঁছে দিতে চলতি বছরও বাংলাসহ ৫০টি ভাষায় পবিত্র হজের খুতবার অনুবাদ সম্প্রচার করা হবে। টানা সপ্তমবারের মতো বাংলা ভাষায় এই অনুবাদ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সৌদি আরবের পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববীর তত্ত্বাবধানকারী জেনারেল প্রেসিডেন্সির অধীনে এ কার্যক্রম পরিচালিত হবে। আগামী মঙ্গলবার (২৭ মে) পবিত্র হজের আনুষ্ঠানিক কার্যক্রম অনুষ্ঠিত হবে।

এ বছর বাংলা অনুবাদ কার্যক্রমে দায়িত্ব পালন করবেন ড. মুহাম্মদ খলীলুর রহমান, ড. আ ফ ম ওয়াহিদুর রহমান, মুবিনুর রহমান ফারুক ও নাজমুস সাকিব। তারা সবাই মক্কার উম্মুল কুরা ইউনিভার্সিটিতে বিভিন্ন সময়ে অধ্যয়ন করেছেন।

পবিত্র মসজিদুল হারামের খুতবা অনুবাদ প্রকল্পের বাংলা বিভাগের পরিচালক ড. মুহাম্মদ খলীলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “আরাফাতের খুতবা এ বছর বাংলাসহ বিভিন্ন ভাষায় অনুবাদ করে সম্প্রচার করা হবে। আমাকে বাংলা বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে কয়েকবার এই কার্যক্রমে যুক্ত ছিলাম।”

তিনি আরও বলেন, “হজের খুতবার অনুবাদ কার্যক্রম অত্যন্ত সম্মানের। এর মাধ্যমে বাংলাভাষী মুসলিমদের কাছে ইসলামের সুমহান বার্তা পৌঁছে দেওয়া হয়। একজন বাংলাদেশি হিসেবে এটি গৌরবের বিষয়।”

ড. মুহাম্মদ খলীলুর রহমান মক্কার উম্মুল কুরা ইউনিভার্সিটি থেকে অনার্স, মাস্টার্স ও পিএইচডি সম্পন্ন করেছেন। তিনি দীর্ঘদিন সৌদি ইন্টারন্যাশনাল রেডিওতে অনুবাদক ও সংবাদ উপস্থাপক হিসেবে কাজ করেছেন। তার বাড়ি কুমিল্লার শাসনগাছায়।

আগামী ২৬ মে (৯ জিলহজ) আরাফাতের ময়দানে লাখো হাজির উদ্দেশে খুতবা দেবেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. আলী বিন আবদুর রহমান আল-হুজাইফি। সেই খুতবা বিশ্বের বিভিন্ন ভাষায় সরাসরি সম্প্রচার করা হবে।

সৌদি কর্তৃপক্ষ জানায়, ২০১৮ সালে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের নির্দেশনায় আরাফার খুতবা অনুবাদ প্রকল্প শুরু হয়। প্রথমে পাঁচটি ভাষায় সম্প্রচার হলেও ধীরে ধীরে ভাষার সংখ্যা বাড়তে থাকে।

বাংলা ভাষা প্রথম যুক্ত হয় ২০২০ সালে। তখন ১০টি ভাষায় অনুবাদ সম্প্রচার করা হয়েছিল। এরপর প্রতিবছরই ভাষার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে শুধু আরাফাতের খুতবাই নয়, জুমা, ঈদ, বৃষ্টির নামাজ ও অন্যান্য গুরুত্বপূর্ণ ইসলামী আলোচনা বিভিন্ন ভাষায় অনুবাদ করা হচ্ছে।

বাংলাসহ ফ্রেঞ্চ, ইংরেজি, উর্দু, ফারসি, তুর্কি, চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, জার্মান, সোয়াহিলি ও মালায়ালমসহ বিভিন্ন ভাষায় খুতবা শোনা যাবে। ইউটিউবের ‘Al-Haramain-Sermons’ চ্যানেল এবং ‘Manaratal Haramain’ ওয়েবসাইট থেকে অনুবাদ সম্প্রচার উপভোগ করা যাবে।


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন