রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটিংয়ে মনোযোগ দিতেই টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ছেন নিগার কোস্টগার্ডকে উপকূলে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতির ডমিনেজ স্টিলে আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম, পাঁচ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা সেপ্টেম্বরের ১৯ দিনেই ১৮৮ কোটি ডলারের কাছাকাছি রেমিট্যান্স সূচকের বড় উত্থান, ডিএসইতে এক মাসের সর্বোচ্চ লেনদেন বাদ পড়া শিশুদের খুঁজে হাম-রুবেলার টিকা দেবে সরকার বড় রান তাড়ায় ব্যাটিং ধসকে স্বাভাবিক বলছেন জ্যোতি হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, মৃতের সংখ্যা ১ হাজার ৫৭ মোদির জন্মদিনের অনুষ্ঠানে না যাওয়ায় শিক্ষার্থীদের জরিমানার নোটিশ সরকারি ক্রয়ে প্রতিযোগিতা বাড়াতে পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশে সংশোধন
  • ব্যাটিংয়ে মনোযোগ দিতেই টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ছেন নিগার

    ব্যাটিংয়ে মনোযোগ দিতেই টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ছেন নিগার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    এশিয়ান গেমসের সোনার পদকের লড়াই থেকে বিদায় নেওয়ার পর বাংলাদেশ নারী ক্রিকেট দলে এসেছে নেতৃত্ব পরিবর্তনের খবর। টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব আর চালিয়ে যেতে চান না নিগার সুলতানা। তবে বোর্ডের সঙ্গে কোনো অভিমান বা দূরত্বের কারণে এই সিদ্ধান্ত নয় বলে জানিয়েছেন তিনি।

    রোববার ভারতের বিপক্ষে এশিয়ান গেমসের সেমিফাইনালে ১১৪ রানের বড় ব্যবধানে হারের পর নিজের সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেন নিগার। তিনি জানান, ব্যাটার হিসেবে নিজের পারফরম্যান্সে আরও বেশি মনোযোগ দিতেই টি-টোয়েন্টি দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

    এর আগে এশিয়ান গেমস শেষ হওয়ার পর আর টি-টোয়েন্টি দলের অধিনায়ক থাকতে চান না বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়ে দিয়েছিলেন নিগার।

    অধিনায়কত্ব ছাড়ার পেছনে বোর্ডের কাছ থেকে প্রত্যাশিত সমর্থন না পাওয়ার বিষয়টি কাজ করেছে—সম্প্রতি এমন গুঞ্জন ছড়ায়। তবে সেটিকে সরাসরি নাকচ করে দিয়েছেন নিগার।

    তিনি বলেন, ‘আমি কষ্ট পেয়েছি বলে অধিনায়কত্ব ছাড়ছি—এটা পুরোপুরি ভুল। ব্যাটার হিসেবে, একজন খেলোয়াড় হিসেবে আমার দেশ ও দলের জন্য আরও অনেক কিছু দেওয়ার আছে। আমি সেটাতেই মনোযোগ দিতে চাই। সে কারণেই এই সিদ্ধান্ত নিয়েছি।’

    ভারতের বিপক্ষে সেমিফাইনালে বাংলাদেশের ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দুর্বলতা দেখা যায়। টস হেরে প্রথমে ব্যাট করে শেফালি বার্মার দুর্দান্ত সেঞ্চুরিতে ২০ ওভারে ৪ উইকেটে ১৯৫ রান সংগ্রহ করে ভারত। ৪৯ বলে অপরাজিত ১০০ রানের ইনিংস খেলেন শেফালি, যা টি-টোয়েন্টিতে তার প্রথম সেঞ্চুরি।

    জবাবে বড় লক্ষ্য তাড়ায় শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। ১৫.৪ ওভারে মাত্র ৮১ রানে অলআউট হয়ে যায় দলটি। ফলে ১১৪ রানের জয় নিয়ে ফাইনালে ওঠে ভারত। বাংলাদেশের সোনার পদকের আশাও সেখানেই শেষ হয়ে যায়।

    বড় লক্ষ্য তাড়া করতে গিয়ে ব্যাটিং ধস নামাকে কিছুটা স্বাভাবিক বললেও ভারতের রান আরও কমানো সম্ভব ছিল বলে মনে করেন নিগার। তার মতে, বোলাররা আরও ভালো করতে পারলে ম্যাচের চিত্র ভিন্ন হতে পারত।

    নিগার বলেন, ‘আপনি যখন বড় রান তাড়া করবেন, তখন এ ধরনের ধস নামতে পারে। আমরা যদি একটু ভালো বোলিং করতে পারতাম, তাহলে তাদের আরও কম রানে আটকে রাখা যেত।’

    ব্যাটারদের ব্যর্থতার দায়ও নিজেরা এড়াতে চান না বলে জানান বাংলাদেশ অধিনায়ক। তার মতে, টপ অর্ডারের অন্তত একজন ব্যাটার ইনিংসের শেষ পর্যন্ত খেলতে পারলে দলের স্কোর আরও বড় হতে পারত।

    তিনি বলেন, ‘যখন একটি দল এত কম রানে অলআউট হয়, তখন ব্যাটার হিসেবে আমরা অবশ্যই কোনো দায়িত্ব নিতে পারিনি। টপ অর্ডারের একজন ব্যাটারও যদি শেষ পর্যন্ত টিকে থাকতে পারত, তাহলে আমরা আরও কিছু রান যোগ করতে পারতাম।’

    একই উইকেটে এর আগে শ্রীলঙ্কা পাকিস্তানের বিপক্ষে ১০৭ রান করেছিল। সেই উদাহরণ টেনে নিগার বলেন, বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা আরও স্পষ্ট হয়েছে।

    জাপানে প্রস্তুতির ঘাটতিকেও দলের পারফরম্যান্স খারাপ হওয়ার অন্যতম কারণ হিসেবে দেখছেন তিনি। বৃষ্টির কারণে নিয়মিত অনুশীলন ব্যাহত হওয়ায় এশিয়ান গেমসের আগে বাংলাদেশ মাত্র দুই দিন অনুশীলনের সুযোগ পেয়েছিল।

    চীনের বিপক্ষে বাংলাদেশের একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। এ ছাড়া প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত সেটিও মাঠে গড়ায়নি।

    নিগার বলেন, ‘এখানে আমাদের প্রায় কোনো অনুশীলন সুবিধাই ছিল না। চীনের বিপক্ষে প্রথম ম্যাচটি খেলতে পারলে পুরো দলের জন্যই ভালো হতো। কিন্তু সেই সুযোগটিও আমরা পাইনি। সব মিলিয়ে বলব, পুরো দলই খুব খারাপ ক্রিকেট খেলেছে।’

    সোনার পদকের লড়াই শেষ হলেও এশিয়ান গেমসে বাংলাদেশের সামনে এখনো একটি ম্যাচ বাকি। ব্রোঞ্জ পদকের লড়াইয়ে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচে ভালো ফলের ব্যাপারে আত্মবিশ্বাসী নিগার।

    পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ভালো রেকর্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে আমাদের ভালো রেকর্ড আছে। সেখানে ইতিবাচক একটা অনুভূতি রয়েছে।’

    পাকিস্তানের বিপক্ষে ব্রোঞ্জ পদকের ম্যাচটিই টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়ক হিসেবে নিগার সুলতানার শেষ ম্যাচ হতে যাচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন